দৃশ্যপট ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার ভাটিয়ারী এলাকার ‘ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে’ একটি স্ক্র্যাপ জাহাজের ভেতর কাজ করার সময় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হলে প্রাণহানির এই সংখ্যা দাঁড়ায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিপইয়ার্ডটিতে স্ক্র্যাপ জাহাজের জ্বালানি ট্যাংকের ভেতরে কাটিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে অচেতন ও গুরুতর অসুস্থ হয়ে পড়েন কর্মরত শ্রমিকরা। সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালালেও বিষাক্ততার তীব্রতায় বেগ পেতে হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একে একে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া আহত আরও কয়েকজন শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জাহাজ কাটার আগে বাধ্যতামূলক গ্যাস টেস্ট (Gas-Free Certificate) করানো হয়েছিল কি না এবং নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই শ্রমিকদের ঝুঁকিপূর্ণ ট্যাংকে নামানো হয়েছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। শিপইয়ার্ড কর্তৃপক্ষের গাফিলতি তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
