ঘরের মালামাল ডোবায় ফেলে দিয়েছে প্রতিপক্ষ, খোলা আকাশের নিচে পরিবার

জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ ভেঙ্গুরা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আতাউর রহমান আগা নামে এক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকালে যখন আতাউর রহমান স্থানীয় বাজারে নিজের দোকানে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায়। হামলায় বসতঘর ও রান্নাঘরের আসবাবপত্র নষ্ট করা হয় এবং বাড়ির বেশ কিছু ফলজ গাছ কেটে ফেলা হয়। ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা ঘরের ড্রয়ার ভেঙে ব্যবসার চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে এবং প্রয়োজনীয় মালামাল বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এ ঘটনায় আতাউর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় হেলাল উদ্দিন, সাইফুল ইসলামসহ ১০-১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *