সুখবর পেলেন তরুণরা, জামানত ছাড়াই মিলবে ২০ লাখ টাকা

দেশের তরুণদের স্বাবলম্বী করে তুলতে এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ অর্থায়ন প্রকল্প হাতে নিয়েছে। এই কর্মসূচির আওতায় একজন তরুণ সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন, যার মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। এই ঋণের জন্য কোনো ধরনের সহায়ক জামানতের প্রয়োজন হবে না এবং সুদের হার রাখা হয়েছে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। তবে শর্ত অনুযায়ী, ঋণ গ্রহীতা নির্দিষ্ট সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটি সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে এবং তাকে খেলাপি হিসেবে গণ্য করা হবে।

প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি জেলার ৬৪টি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে এবং প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে বাছাই করা হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছর। নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী যে কেউ কৃষি, মৎস্য, হস্তশিল্প কিংবা প্রযুক্তিনির্ভর যেকোনো বৈধ খাতে আবেদনের সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়ার জন্য কোনো ফি প্রদান করতে হবে না এবং আগামী ১৬ সেপ্টেম্বর বিস্তারিত সার্কুলার প্রকাশের পর থেকে আবেদন গ্রহণ করা হবে।

আর্থিক সহায়তার পাশাপাশি নির্বাচিত তরুণদের বিশেষ প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরির ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হলো প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণকে এই কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *