একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় শান্তি কমিটিতে বাবা অ্যাডভোকেট আলী আকবরের সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি জানান, তার বাবা কুমিল্লা জেলা মুসলিম লীগের প্রভাবশালী সম্পাদক ছিলেন এবং আজীবন এই রাজনৈতিক আদর্শেই অবিচল ছিলেন। রাজনৈতিক পরিচয়ের কারণেই সেই সময় শান্তি কমিটির সাথে তার বাবার সম্পৃক্ততা তৈরি হয়েছিল বলে জানান শিল্পী।

আসিফ দাবি করেন, শান্তি কমিটিতে থাকার সুযোগ ব্যবহার করে তার বাবা সেই সময় অনেক মানুষের প্রাণ ও সম্পদ রক্ষা করেছেন। এমন একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি জানান, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধাকে ফাঁসির হাত থেকে রক্ষা করেছিলেন। এ বিষয়ে আসিফের ‘আকবর ফিফটি নট আউট’ নামক বইয়ে বিস্তারিত তথ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ১৯৬৬ সালে ছয় দফার পক্ষে তার বাবার অবস্থান ছিল এবং তিনি স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিলেন বলেও আসিফ দাবি করেন।

দেশ স্বাধীন হওয়ার পর নিজের বাবার কারাবরণ ও আইনি লড়াইয়ের বিষয়টিও তুলে ধরেন এই সংগীতশিল্পী। তিনি জানান, নিরাপত্তার খাতিরে তৎকালীন আওয়ামী লীগ নেতার পরামর্শে তার বাবা স্বেচ্ছায় কাস্টডিতে গিয়েছিলেন। তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের অভিযোগগুলো মিথ্যা ছিল দাবি করে আসিফ জানান, ১৯৭৪ সালে আইনি লড়াইয়ের মাধ্যমেই তার বাবা নির্দোষ প্রমাণিত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছিলেন। সাধারণ ক্ষমার আওতায় নয়, বরং আদালতের রায়ে মুক্তি পাওয়ার বিষয়টি তিনি জোর দিয়ে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *