কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। হাসপাতালের শৌচাগারের বেহাল দশা এবং মেঝেতে জমে থাকা ময়লা দেখে তিনি নিজেই তা পরিষ্কার করার ঘোষণা দেন। এ সময় তিনি হারপিক ও সুইপার আনার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, তিনি যদি নিজে পরিষ্কার করতে পারেন, তবে কেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তা পারছেন না।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ছয়টি শৌচাগারের মধ্যে পাঁচটিই বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত এগুলো সচল ও পরিষ্কার করার নির্দেশ দেন। এছাড়া দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকা হাসপাতালের সিলিং ফ্যানগুলো মেরামতের জন্যও তিনি নির্দেশনা প্রদান করেন। মন্ত্রীর পরিদর্শনের এই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান জানান, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্ত জনবল নিয়োজিত রয়েছে। তিনি আরও বলেন, বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য গণপূর্ত বিভাগকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে এবং পরিচ্ছন্নতা কর্মীদের এ ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।


