ডাক বিভাগে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা চালুর উদ্যোগ


ঢাকা, ২৪ আগস্ট ২০২৬:

দেশের ডাকসেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর লজিস্টিক সেবায় রূপ দিতে একাধিক নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ই-কমার্স খাতের পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার চালুর প্রস্তুতি চলছে।
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উদ্যোক্তাদের মাধ্যমে পণ্য সংগ্রহ ও সরবরাহ বা পিকআপ-ডেলিভারি সেবা দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এই মডেলের আওতায় বেসরকারি উদ্যোক্তারা ডাক বিভাগের নির্ধারিত নিয়ম মেনে সেবা পরিচালনা করবেন এবং পুরো কার্যক্রম থাকবে ডাক বিভাগের তত্ত্বাবধানে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, চিঠির প্রচলন কমে গেলেও সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক ও জনবান্ধব লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু হলে ডাক বিভাগের প্রচলিত নেটওয়ার্কের বাইরে আরও বিস্তৃত পরিসরে পিকআপ ও ডেলিভারি সেবা দেওয়া সম্ভব হবে।
এদিকে ই-কমার্স ও এফ-কমার্স খাতের পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিলির জন্য দেশের ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে ফুলফিলমেন্ট সেন্টার স্থাপনের কাজ এগিয়ে চলছে।
প্রস্তাবিত ১৪টি কেন্দ্রের মধ্যে রয়েছে ঢাকার তেজগাঁও, গোপালগঞ্জ, ঈশ্বরদী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া ও যশোর।
ডাক অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জিয়াউর রহমান জানিয়েছেন, ১৪টি স্থানে আধুনিক স্থাপনা নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রশাসনিক ও প্রক্রিয়াগত কিছু ধাপ শেষ হওয়ার পর এসব কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে।
ডাক বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে দেশের বিভিন্ন উৎপাদন এলাকা থেকে ৩১২ টনের বেশি মৌসুমি ফল সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তারা উপকৃত হয়েছেন।
ডাকসেবায় প্রযুক্তির ব্যবহার বাড়াতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার নথি ও নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানায় ডাকযোগে পাঠানোর জন্য প্রয়োজনীয় কারিগরি সংযুক্তিকরণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে ডাক জীবন বীমার প্রিমিয়াম সংগ্রহের কারিগরি ব্যবস্থাও প্রস্তুত করা হয়েছে। ফলে গ্রাহকরা ঘরে বসেই বীমার প্রিমিয়াম পরিশোধের সুবিধা পাবেন।
মেইল প্রসেসিং ও লজিস্টিকস ব্যবস্থাকে আধুনিক করতে দেশের বিভিন্ন পোস্ট অফিসে ৬ হাজার অ্যান্ড্রয়েড মোবাইল, ৬ হাজার থার্মাল প্রিন্টার এবং ৫০০ কম্পিউটার সরবরাহের কাজ চলছে। পাশাপাশি তিনটি মেইল মনিটরিং সফটওয়্যার তৈরির কাজও চলমান রয়েছে।
পরিবেশবান্ধব ডাক পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে ইতোমধ্যে ডাক বিভাগের বহরে ৫০টি ইলেকট্রিক বাইক যুক্ত করা হয়েছে। এছাড়া সর্বজনীন ডাক ইউনিয়ন বা ইউপিইউ থেকে পাওয়া ৩৩টি নতুন ডেলিভারি মেইল ভ্যানও দেশব্যাপী ডাক বিভাগের মেইল পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়েছে।
ডাক বিভাগের কর্মকর্তারা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রচলিত ডাকসেবার পাশাপাশি ই-কমার্স, এফ-কমার্স, লজিস্টিকস ও ডিজিটাল সেবার ক্ষেত্রে ডাক বিভাগের কার্যক্রম আরও বিস্তৃত হবে। এর ফলে একদিকে গ্রাহকসেবা সহজ হবে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ও ই-কমার্স অর্থনীতিতে ডাক বিভাগের ভূমিকা আরও শক্তিশালী হবে। �

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *