দৃশ্যপট ডেস্ক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, ইসলামের শান্তি, প্রগতি, মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান শীর্ষক আলোচনাসভা, দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে স্ব স্ব প্রতিষ্ঠানে।
বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে উদযাপনের ঐতিহ্য দীর্ঘদিনের। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে এই দিবসটি জাতীয়ভাবে গুরুত্বসহ উদযাপনের পথ সুগম করেছিলেন। পরবর্তী সময়ে দেশের সরকারি ও বেসরকারি প্রতিটি পর্যায়ে এটি ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়ে আসছে। সরকার প্রতি বছর দিনটিকে জাতীয় ছুটি ঘোষণার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মহানবীর অনুপম চরিত্র ও সহনশীলতার আদর্শ পৌঁছে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে এই কর্মসূচি পালনের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।


