নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ আগস্ট ২০২৬
দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের। জাতীয় সংসদের মোট ৩৫০ সদস্যের মধ্যে বিএনপির সংসদ সদস্য আসলাম চৌধুরীর সদস্যপদ বাতিল হওয়ায় ভোটার সংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে।ভোটগ্রহণ শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। গোপন ব্যালটে সংসদ সদস্যরা দুই প্রার্থীর মধ্যে একজনকে ভোট দিচ্ছেন। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে।এবারের নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করলেও অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় নিজে ভোট দিতে পারছেন না। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।বাংলাদেশে সর্বশেষ সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনের পর পরবর্তী সাতজন রাষ্ট্রপতি ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে দীর্ঘ সময় পর এবার দুই প্রার্থীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। এরপর শুরু হবে ভোট গণনা। গণনা শেষে বৈধ ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে।দীর্ঘ বিরতির পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় জাতীয় সংসদ ও দেশের রাজনৈতিক অঙ্গনে এ নির্বাচন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


