৩৮ লাখ টাকা নিয়ে কর নথি পরিবর্তন, কর কর্মকর্তার পদোন্নতি ৮ বছর স্থগিত

আয়কর নথির তথ্য পরিবর্তনের মাধ্যমে বড় ধরনের অনিয়মের দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর পদোন্নতি আট বছরের জন্য স্থগিত করা হয়েছে। ঢাকার কর অঞ্চল-৫-এর ৯৩ নম্বর সার্কেলে কর্মরত থাকাকালীন এক করদাতার কাছ থেকে ৩৮ লাখ টাকা ঘুষ নিয়ে তিনি নথিপত্র জালিয়াতি করেছেন বলে বিভাগীয় তদন্তে উঠে এসেছে। এই অভিযোগে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত এই কর্মকর্তা করদাতার পুরোনো আয়কর রিটার্ন ও প্রয়োজনীয় নথিপত্র পরিবর্তন করে নতুন তথ্য সংযোজন করেছিলেন। এমনকি নথির মূল অংশগুলো আইনজীবীর মাধ্যমে করদাতাকে হস্তান্তর করার মতো গুরুতর অভিযোগও প্রমাণিত হয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরাসরি প্রমাণিত হয়নি, তবে ‘অসদাচরণ’-এর দায়ে তাকে এই লঘুদণ্ড দেওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পদোন্নতি স্থগিতের পাশাপাশি তার সাময়িক বরখাস্তের আদেশও প্রত্যাহার করে নিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *