নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় ঘোষণা শুরু

ফেনী, ২৪ আগস্ট ২০২৬

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিলের রায় ঘোষণা শুরু হয়েছে হাইকোর্টে।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করছেন।

রায়কে কেন্দ্র করে নুসরাতের বাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটির রায় ঘোষণা করে। ওই রায়ে ১৬ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষা দিতে গিয়ে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুসরাতের মা শিরীন আক্তার বলেন, নিম্ন আদালতে তারা ন্যায়বিচার পেয়েছেন। উচ্চ আদালতেও ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করছেন তারা। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

মামলাটিতে নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিলের পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সও হাইকোর্টে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *