সিনেমা দেখতে নয়, ঘুমানোর জন্য হলে যাচ্ছে মানুষ!

কর্মব্যস্ত দিনের মাঝখানে কিছুটা আরামদায়ক বিশ্রামের আশায় চীনের সিয়ান শহরের মানুষ এখন ভিড় করছেন সিনেমা হলে। তবে সিনেমা দেখার জন্য নয়, বরং দুপুরের বিরতিতে শান্তির ঘুমের উদ্দেশ্যে অভিনব এক ‘ন্যাপ সার্ভিস’ চালু করেছে স্থানীয় লুমিয়াই সিনেমা হল। গত বছরের এপ্রিল থেকে চালু হওয়া এই সেবার আওতায় কর্মদিবসে দুপুরে কর্মীরা সেখানে নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ পাচ্ছেন।

সিনেমা হলের দুটি স্ক্রিনিং হলের মোট ৭৬টি আসনকে এমনভাবে রূপান্তর করা হয়েছে, যা পুরোপুরি হেলিয়ে সমতল বিছানার মতো ব্যবহার করা যায়। ‘লেইং ফ্ল্যাট প্ল্যান’ নামের এই সেবায় গ্রাহকদের জন্য কম্বল, কফি এবং পানীয়ের ব্যবস্থাও রয়েছে। এর জন্য মাসে নির্দিষ্ট ফি দিয়ে সদস্যপদ নিতে হয়। হল কর্তৃপক্ষ জানায়, কর্মদিবসে দর্শক কম থাকায় অব্যবহৃত আসনগুলো থেকে আয় বাড়ানোর লক্ষ্যেই এমন সৃজনশীল ব্যবসায়িক কৌশল গ্রহণ করা হয়েছে, যা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

চীনে দুপুরের ঘুমের সংস্কৃতি বেশ পুরোনো এবং দেশটির ৭০ শতাংশেরও বেশি মানুষ কর্মদিবসে অন্তত আধঘণ্টা বিশ্রাম নিতে পছন্দ করেন। অফিসের ডেস্কে ঘুমানোর চেয়ে অন্ধকার ও নিস্তব্ধ সিনেমা হলের এই পরিবেশকে অনেক কর্মজীবীই আরামদায়ক বলে মনে করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও উদ্যোগটি বেশ প্রশংসিত হচ্ছে এবং অনেকে অন্যান্য শহরেও এমন সেবা চালুর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *