আবহাওয়া অধিদপ্তর দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের প্রভাবে এই ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে। সমুদ্র উপকূলীয় ও নদীবন্দর এলাকার জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।


